পিরোজপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের তদন্ত দল আবারো পিরোজপুর গেছে।
রোববার এ দলের তিন সদস্য এলাকায় বিভিন্ন মামলার বাদী ও সাক্ষীর সঙ্গে কথা বলেন।
তারা মানবাতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পিরোজপুরের ৮/৯টি মামলার আসামিদের ব্যাপারে প্রাথমিক তদন্ত করবেন।
তদন্ত দলে রয়েছেন সমন্বয়ক মো. আব্দুল হান্নান খান এবং সদস্য মো. সানাউল হক ও হরি দেবনাথ।
সন্ধ্যায় পিরোজপুর সার্কিট হাউজে তদন্ত দলের সমন্বয়ক মো. আব্দুল হান্নান খান সাংবাদিকদের বলেন, এ জেলায় যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ৮/৯টি মামলা হয়েছে। তার প্রাথমিক তদন্তে তারা প্রয়োজনে সোমবারও পিরোজপুর অবস্থান করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার বাদী ও সাক্ষীদের আসামিপক্ষের লোকজন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
সাক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার দায়িত্ব ট্রাইব্যুনালের বলেও জানান তিনি।
এর আগে তদন্ত দলের সদস্যরা জেলা প্রশাসক অনিল চন্দ্র দাস এবং মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলার বাদী এবং ২০ থেকে ২৫ জন সাক্ষীর সঙ্গে কথা বলেন।
সদর ও জিয়ানগর উপজেলার দুই বাদী মানিক পশারি ও মাহবুবুল আলম বলেন, তাদের এবং মামলার সাক্ষীদের হুমকি ও মামলা তুলে নেওয়ার জন্য আসামি পক্ষের লোকজন চাপ সৃষ্টি করছে। এ কারণে মামলার অনেক সাক্ষী আত্মগোপনে রয়েছেন।
মামলার ওই দুই বাদী আসমিদের হুমকি ও ভীতির কারণে এ পর্যন্ত থানায় ২৭/২৮টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24