২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী সংযোগ প্রকল্পে অভিন্ন নদী নয়: প্রণব

ভারতের নদী সংযোগ প্রকল্পে অভিন্ন কোনো নদী অন্তর্ভুক্ত করা হবে না বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন দেশটির অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নদী সংযোগ প্রকল্পে অভিন্ন কোনো নদী অন্তর্ভুক্ত করা হবে না বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন দেশটির অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। রোববার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “তিনি (প্রণব) আমাকে নিশ্চিত করেছেন যে, হিমালয় থেকে যেসব নদী ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে, সেগুলো ভারতের নদী সংযোগ প্রকল্পের মধ্যে পড়বে না।” সেচের জন্য শুষ্ক অঞ্চলে নদীর পানি প্রবাহিত করতে ব্যাপকভিত্তিক নদীসংযোগ প্রকল্প হাতে নিয়েছে ভারত। এই প্রকল্পে অভিন্ন নদীগুলো অন্তর্ভুক্ত করা হলে বাংলাদেশে নদীগুলোতে পানিপ্রবাহ কমে যাবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয় টিপাইমুখে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতের এ প্রবীণ রাজনীতিক। “একটি যৌথ বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে এবং তারা বহুমুখী এ বাঁধের প্রভাব খতিয়ে দেখবেন।” তিস্তা চুক্তি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তার পানিবণ্টন চুক্তি এবং স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থন করতে আগ্রহী ভারত। “তারা তিস্তা চুক্তি নিয়ে কাজ করছে।” শিগগিরই তিস্তা চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তীব্র আপত্তির মুখে তা বাতিল হয়। অন্যদিকে ১৯৭৪ সালে স্থল সীমান্ত চুক্তি সই হলেও ভারত অনুসমর্থন না করায় এখনো তার বাস্তবায়ন হয়নি। যৌথ কমিশন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি নয়া দিল্লিতে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের প্রথম বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা বিষয়ক রূপরেখা চুক্তির আওতায় এই যৌথ কমিশন গঠিত হয়। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে দুই দেশের যৌথ অনুষ্ঠানমালার ভারতীয় অংশের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে রোববার নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এ সফরে তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিং, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম ও পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনসালের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এএইচ/এমআই/২১০০ ঘ.