২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ নিয়ে উদ্বেগ জানালেন খালেদা

টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে প্রস্তাবিত যৌথ কমিটিতে সরকারি কর্মকর্তার পাশাপাশি বেসরকারি বিশেষজ্ঞ রাখার প্রস্তাব রেখেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে প্রস্তাবিত যৌথ কমিটিতে সরকারি কর্মকর্তার পাশাপাশি বেসরকারি বিশেষজ্ঞ রাখার প্রস্তাব রেখেছেন খালেদা জিয়া। রোববার ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা। বৈঠকে সীমান্তে হত্যা, তিস্তার পানি বণ্টনের পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ঢাকায় আসেন প্রণব। রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। বৈঠকের পর বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। শমসের মবিন বলেন, “প্রণব মুখোপাধ্যায় বলেছেন, টিপাইমুখ প্রকল্প নিয়ে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য যৌথ নদী কমিশনের অধীনে একটি উপকমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। যৌথ কমিশনের বিশেষজ্ঞরা ওই যৌথ সমীক্ষা চালাবেন।” তখন খালেদা জিয়া ওই কমিটিতে সরকারি পর্যায়ের বিশেষজ্ঞের বাইরে ‘নির্দলীয়’ বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। “এতে যৌথ সমীক্ষা কার্যকর ও ফলপ্রসূ হবে। কারণ দুই দেশের বিশেষজ্ঞরা বলেছেন, টিপাইমুখ বাঁধ প্রকল্প এলাকাটি ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত।” মনিপুর রাজ্যে বিদ্যুৎ উৎফাদনে বরাক নদীর ওপর টিপাইমুখ বাঁধ তৈরিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বলেন, “কখনো সেখানে ভূমিকম্প হলে বাংলাদেশের সিলেট অঞ্চলে ব্যাপক ক্ষতি হবে।” শমসের মবিন বলেন, “টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে ভারতের মনিপুরসহ বিভিন্ন স্থানে আন্দোলনের কথা প্রণব মুখোপাধ্যায়ও স্বীকার করেছেন। তিনি অবশ্য বলেছেন, ওই প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি।” সীমান্তে হত্যাকাণ্ড কমে আসার কথা ভারতের মন্ত্রী জানালে তা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিস্তার পানি বণ্টন চুক্তির জন্য ভারতে সরকার সংশ্লিষ্ট সবাইকে একমত করতে চেষ্টা করছে বলে খালেদাকে জানিয়েছেন প্রণব। দুই নেতার ভারতের নির্বাচন প্রক্রিয়ার প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, “বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন এ দেশের মানুষ দেখতে চায়।” বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় জানিয়ে খালেদা বলেন, অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান হলেই এই সম্পর্ক আরো শক্তিশালী হতে পারে। “ভারতের অর্থমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চায়। কোনো বিশেষ দলের সঙ্গে সম্পর্ক করতে চায় না,” বলেন শমসের মবিন। তিনি বলেন, প্রণব মুখোপাধ্যায় বিরোধীদলীয় নেতাকে ভারত সফরের আমন্ত্রণ জানালে খালেদা জিয়া তা গ্রহণ করেন। প্রণবের সঙ্গে বৈঠকে খালেদার সঙ্গে শমসের ছাড়াও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০১৫ ঘ.