গোপালগঞ্জ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে গোপালগঞ্জে তিনঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
শহরের চাঁদমারী, মোহাম্মদপাড়া, হীরাবাড়ি রোড ও সবুজবাগ এলাকায় গত চারদিন বিদ্যুৎ না আসায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখেন।
চাঁদমারীর বাসিন্দা মাহাবুবুল ইসলাম ভুলু বলেন, বৃহস্পতিবার চাঁদমারীর ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তারপর থেকে এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
বিদ্যুৎ না থাকায় এইচএসসি পরীক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না এবং পানি সমস্য দেখা দিয়েছে বলেও জানান তিনি।
গোপালগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কউন্সিলর জাহেদ মাহামুদ বাপী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্তৃপক্ষ রোববার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ করার কথা বলেছিল। কিন্তু এখনো তা শুরু হয়নি।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী প্রভাষ কুমার দাস বলেন, “আমাদের ট্রান্সফরমার নেই। যশোর থেকে এনে সোমবারের মধ্যে স্থাপন করা হবে বলে আশা করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৭৪৬ ঘ.
bdnews24