২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহল চুক্তি বাস্তবায়নের দাবি

ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সফররত ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছিটমহল নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

কুড়িগ্রাম, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সফররত ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছিটমহল নেতারা। রোববার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভারত- বাংলাদেশ ছিটমহাল বিনিময় সমন্বয় কমিটির নেতারা বলেন, বাংলাদেশ সফরের সময় ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর করতে ভূমিকা রাখবেন বলে দুই দেশের ১৬২টি ছিটমহলের অধিবাসীরা প্রত্যাশা করছেন। সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, কমিটি ছিটমহলগুলোতে জরিপ চালিয়ে দেখেছে, বাংলাদেশের ভেতরের ভারতের ছিটমহলগুলোর বেশিরভাগ বাসিন্দা বাংলাদেশের নাগরিক হতে যায়। সম্মেলনে আরও বক্তব্য রাখেন সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক ও ছিটমহাল দাশিয়ারছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন। এদিকে, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সহ সাধারণ সম্পাদক দীপ্তিমান সেন গুপ্ত ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের ভেতর বাংলাদেশের ছিটমহলগুলোর বাসিন্দারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। তারা বাংলাদেশে ফিরতে চায় না। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অভ্যন্তরে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ১৮টি এবং লালমনিরহাট জেলার ৩৩টি মোট ৫১টি ছিটমহল রয়েছে। অপরদিকে বাংলাদেশের ভূখণ্ডে ভারতের কোচবিহার জেলার অধীনে ১১১টি ছিটমহল রয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ১২টি, লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি এবং নীলফামারীতে চারটি ছিটমহল রয়েছে। ১৯৭৪ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যে যে ভারত-বাংলাদেশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে এসব ছিটমহল বিনিময় বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৬৪৮ ঘ.