২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলোচনায় বাংলাদেশের পরিবর্তন ও সম্ভাবনা’

ঢাকা সফরের দ্বিতীয় দিনে বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 04:31 AM

Updated : 25 Apr 2022, 09:18 PM

ঢাকা সফরের দ্বিতীয় দিনে বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

গত ১৭ বছরে বাংলাদেশের পরিবর্তন, সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারসহ নানা বিষয় এই বৈঠকে স্থান পেয়েছে বলে জানিয়েছেন আবেদ ও ইউনূস।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সোয়া ১০টার পর।

বৈঠক শেষে বেরিয়ে ফজলে হাসান আবেদ সাংবাদিকদের বলেন, “বৈঠকে বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা হয়েছে। কী করলে আমাদের উন্নয়ন হবে, নারীর ক্ষমতা হবে সে বিষয়ে আমাদের কথা হয়েছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনার মূল কেন্দ্র ছিল বাংলাদেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন।

ইউনূস বলেন, বাংলাদের সম্ভাবনা ও এ পর্যন্ত অর্জনগুলো নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

“১৭ বছর আগে (১৯৯৫ সালে) প্রথম বাংলাদেশে এসেছিলেন হিলারি ক্লিনটন। আমরা সে সময় তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, কথাবার্তা হয়েছে। এখন তাদের সন্তানরা আছে, নতুন প্রজন্ম এসেছে। উনি যদি সময় নিয়ে এসে আমাদের গ্রামে যেতে পারতেন, নতুন প্রজন্মর সঙ্গে কথা বলতেন, আমরা আরো খুশি হতাম”, যোগ করেন ইউনূস।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের পক্ষে যুক্তি দেখিয়েছেন জানিয়ে ইউনূস বলেন, “এটা হলে নারীর ক্ষমতায়ন হবে, বাংলাদেশের উন্নয়ন হবে। আমরা তাকে এটা বলেছি।”

দুই দিনের সফরে শনিবার বিকালে ঢাকায় পৌঁছান হিলারি ক্লিনটন। রাতেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। রোবাবর বিকালে তার কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগের কথা রয়েছে।

গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারির পারিবারিক বন্ধু হিসাবে পরিচিত।

মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে গত বছরের ২ মার্চ গ্রামীণ ব্যাংকের পদ থেকে ইউনূসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

হিলারির সঙ্গে বৈঠকে গ্রামীণ ব্যাংক প্রসঙ্গ এসেছে কি না জানতে চাইলে ইউনূস বলেন, “মাইক্রো ক্রেডিট নিয়ে, গ্রামীণ ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে আমাদের আলোচনা হয়েছে।”

“এ বিষয়ে বিস্তারিত না আসাই ভালো হবে”, যোগ করেন তিনি।

বাংলাদেশের বিদ্যুৎ সংকটের বিষয়টিও বৈঠকে এসেছে জানিয়ে ইউনূস বলেন, বাংলাদেশ-নেপাল-মিয়ানমার মিলে একটি ‘এনার্জি নেটওয়ার্ক’ করা হলে তা একটি বড় ব্যাপার হবে।

ফজলে হাসান আবেদ বলেন, বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শিগগিরই শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বলে তিনি আশাবাদী।

১৯৭২ সালে ফজলে হাসান আবেদ বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এনজিও হিসেবে স্বীকৃত।

আফ্রিকার দক্ষিণ সুদান থেকে দক্ষিণ আমেরিকার হাইতি পর্যন্ত বিভিন্ন দেশে শিক্ষা, কর্মসংস্থান, ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে ব্র্যাকের।