ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ব্র্যাক কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের মরদেহ ঢাকায় পৌঁছেছে।
ঢাকায় ব্র্যাকের মিডিয়া ম্যানেজার জিয়া হাশান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সকাল সাড়ে ১০টায় এয়ার দুবাইয়ের একটি ফ্লাইটে মোহাম্মদ মহিউদ্দিন এর লাশ ঢাকায় আনা হয়। ব্র্যাকের পক্ষে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এস এন কৈরী লাশ গ্রহন করেন।”
মহিউদ্দিনের লাশ ময়মনসিংহে তার গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
তিনি বলেন, “ব্র্যাকের পক্ষ থেকে মহিউদ্দিনের পরিবারকে তার পাওনার বাইরে অতিরিক্ত ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার সকালে আফগানিস্তানের গোর প্রদেশে ব্র্যাক কার্যালয়ে জঙ্গি হামলায় নিহত হন মহিউদ্দিন (৪১)। গত আড়াই বছর ধরে তিনি সেখানে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করে আসছিলেন। তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় থাকেন।
মহিউদ্দিনের লাশ জাতিসংঘের একটি বিমানে করে বৃহস্পতিবারই গোর থেকে কাবুলে পাঠানো হয়। কাবুল থেকে বিমানে তার মরদেহ ঢাকায় আনা হয়।
কৃষি বিশেষজ্ঞ মহিউদ্দিন গত ১৪ বছর ধরে ব্র্যাকের বিভিন্ন প্রকল্পে কাজ করে আসছিলেন। ২০০৯ সালে গোরে ব্র্যাকের জীবনমান উন্নয়ন প্রকল্পের দায়িত্ব নিয়ে তিনি অফগানিস্তানে যান।
আফ্রিকার দক্ষিণ সুদান থেকে দক্ষিণ আমেরিকার হাইতি পর্যন্ত বিভিন্ন দেশে শিক্ষা, কর্মসংস্থান, ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত ব্র্যাকের। আফগানিস্তানে ব্র্যাকের তিন হাজার কর্মীর মধ্যে ১৫২ জন বাংলাদেশি রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১২০৮ ঘ.
bdnews24