নওগাঁ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল মাঠে ধান কাটা নিয়ে শুক্রবারের সংঘর্ষে আহত আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে।
শনিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রীকৃষ্ণ (৩৫) নামের এই শ্রমিক মারা যান। তিনি নিয়ামতপুর উপজেলার পুঙ্গী গ্রামের বাসিন্দা।
চকগোপাল গ্রামের কৃষক আনোয়ার ও ডালিমের মধ্যে একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে মামলা রয়েছে।
এ বছর জমিতে ধান লাগান আনোয়ার। কিন্তু শুক্রবার দুপুরে একদল শ্রমিক নিয়ে ওই জমির ধান কাটতে যায় ডালিম। এ সময় দু’দলের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে মহারাম (৫০), মদন (৪৫) ও ইলিয়াস (৪৮) নামে তিন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া শ্রীকৃষ্ণসহ আহত অন্তত ১০ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ দিকে, এ ঘটনায় শুক্রবার রাতে ডালিমের ভাই আব্দুস সালাম চকগোপাল ও পাশের তিনটি গ্রামের ৩৬ জনের নাম উল্লেখসহ ৪৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার পর রাতেই অভিযান চালিয়ে চার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, চকগোপাল গ্রামের আশরাফ আলী (৪৫), আব্দুল জব্বার (৪২), আব্দুল জব্বারের ছেলে শাহীনুর রহমান (২২) ও পাশের নওগাঁ সদর উপজেলার কাকলাসী গ্রামের জাফের আলী (৪৮)।
মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৭১১ ঘ.
bdnews24