২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ ও সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকার সাভারে ও হবিগঞ্জের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মটসাইকেল আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

সাভার/হবিগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে ও হবিগঞ্জের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মটসাইকেল আরোহী নিহত হয়েছে। হবিগঞ্জের সদর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের ফরিদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিক্ষক মারা যান। নিহত আবদুর রহিম (৪০) চুনারুঘাট উপজেলার শানখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বাহুবল উপজেলার রাউতগাঁও গ্রামের মৃত আব্দুস শহীদ কণা মিয়ার ছেলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া জানান, শনিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুর রহিম। এ সময় ঢাকাগামী একটি বাস মটরসাইকেলটিকে দ্রুতগতিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুর রহিমের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনার পরে প্রায় এক ঘণ্টা ওই এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এসআই ফরিদ মিয়া জানান, লাশটির ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে। বাসচালককে আটক করতে অভিযান চলছে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় মারা যান সিঙ্গাইর সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক হাজী কেরামত আলী (৬০)। তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাস্তা গ্রামে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে মোটর সাইকেল নিয়ে কেরামত আলী বাস্তা থেকে সাভার যাচ্ছিলেন। পথে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তিনি আরো জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/কিউএইচ/এসইউ/১৭৫৩ ঘ.