ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আসন্ন বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটি এই বিক্ষোভ সমাবেশ করে। একই স্থানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়নও যৌথভাবে বিক্ষোভ-সমাবেশ করেছে।
হিলারি ক্লিনটন দুদিনের সফরে শনিবার বিকালে ঢাকা আসছেন।
সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান যুক্তরাষ্ট্রকে ‘সারাবিশ্বে আগ্রাসনের মূল হোতা’ আখ্যায়িত করে বলেন, যুক্তরাষ্ট্র সারাবিশ্বের মতো দক্ষিণ এশিয়াতেও তাদের আধিপত্য কায়েমের জন্য মরিয়া হয়ে উঠেছে। এর অংশ হিসাবেই হিলারি ঢাকা আসছেন।
যুক্তরাষ্ট্র জাতীয় স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তির জালে বাংলাদেশকে আবদ্ধ করে রেখেছে এবং টিকফাসহ নতুন নতুন চুক্তি করার জন্য চাপ প্রয়োগ দিচ্ছে বলেও অভিযোগ করেন মনজুর।
“দেশে মার্কিন সৈন্যের উপস্থিতি, সিআইএ-এফবিআইসহ বিভিন্ন সংস্থার তৎপরতা এবং আভ্যন্তরীণ রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।”
যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে সিপিবি সভাপতি আরো বলেন, হিলারির বাংলাদেশে সফর ভবিষ্যতের জন্য ‘অশনি সংকেত’।
জাতীয় স্বার্থবিরোধী যে কোনো চুক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এই বাম নেতা।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি নেতা হাসান তারিক চৌধুরী সোহেল, জাহিদ হোসেন খান, উদীচীর সহ-সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, কৃষক সমিতির মানবেন্দ্র দেব ও গার্মেন্ট শ্রমিক নেতা জিয়াউল কবির খোকন।
যুব ইউনিয়ন সভাপতি কাফি রতনের সভাপতিত্বে অপর সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য সাইফুল ইসলাম সমীর, সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/সিএস/জেকে/১১৫০ ঘ.
bdnews24