২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ সহযোগিতা চায় মহিউদ্দিনের পরিবার

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত মোহাম্মদ মহিউদ্দিনের পরিবার আশা করছে, তাদের এই বিপদে সর্বোচ্চ সহযোগিতা দেবে ব্র্যাক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 07:06 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে তালেবান হামলায় নিহত মোহাম্মদ মহিউদ্দিনের পরিবার আশা করছে, তাদের এই বিপদে সর্বোচ্চ সহযোগিতা দেবে ব্র্যাক কর্তৃপক্ষ। মহিউদ্দিনের ভাগ্নে শফিকুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা চান যতো দ্রুত সম্ভব মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হোক। এছাড়া এই পরিস্থিতিতে ব্র্যাক তাদের পাশে এসে দাঁড়াবে বলেও তারা আশা করছেন। “আমাদের জন্য এটা খুবই কঠিন সময়। আমরা চাই, মামার পরিবারের জন ব্র্যাক সর্বোচ্চ সহযোগিতা করুক”, বলেন তিনি। বৃহস্পতিবার সকালে আফগানিস্তানের গোর প্রদেশে ব্র্যাক কার্যালয়ে জঙ্গি হামলায় নিহত হন মহিউদ্দিন (৪১)। গত আড়াই বছর ধরে তিনি সেখানে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করে আসছিলেন। তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় থাকেন। ব্র্যাক আফগানিস্তানের প্রধান খন্দকার আরিফুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহিউদ্দিনের লাশ জাতিসংঘের একটি বিমানে করে বৃহস্পতিবারই গোর থেকে কাবুলে পাঠানো হয়েছে। শনিবার কাবুল থেকে মরদেহ ঢাকায় পাঠানো হবে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে আরিফুল ইসলাম বলেন, “মহিউদ্দিন ছিলেন একজন দক্ষ কর্মকর্তা। এই ঘটনা প্রতিষ্ঠান ও ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বড় ক্ষতি।” ব্র্যাকের পক্ষ থেকেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, কৃষি বিশেষজ্ঞ মহিউদ্দিন গত ১৪ বছর ধরে ব্র্যাকের বিভিন্ন প্রকল্পে কাজ করে আসছিলেন। ২০০৯ সালে গোরে ব্র্যাকের জীবনমান উন্নয়ন প্রকল্পের দায়িত্ব নিয়ে তিনি অফগানিস্তানে যান। বিদেশে যাওয়ার আগে মহিউদ্দিনের কোনো বীমা করা হয়েছিল কি না জানতে চাইলে তার ভাগ্নে শফিক বলেন, “আমরা শুধু জানি, একজন কৃষি বিশেষজ্ঞ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। আর কোনো কাগজ আমাদের হাতে নেই।” “আফগানিস্তানের মানুষের উন্নয়নের জন্য ব্র্যাকের চাকরি নিয়ে সেখানে গিয়ে নিজের জীবন দিলেন মামা। এজন্য প্রাপ্য সম্মানটুকু তার পরিবারকে দেওয়া হোক”, যোগ করেন তিনি। শফিক ফুলবাড়িয়ায় একটি ওষুধের দোকান চালান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। আফগানিস্তানের সংবাদ সংস্থা পাজওয়োক আফগান নিউজ জানায়, গোরের প্রাদেশিক রাজধানী চাগচারানের ওই ব্র্যাক কার্যালয়ে বৃহস্পতিবার ভোরে হামলা চালায় তালেবান জঙ্গিরা। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান কর্নেল মুর্তাজা মুলেশ বলেন, তালেবান জঙ্গিদের একটি দল হঠাৎ হামলা চালালে ঘটনাস্থলেই নিহত হন মহিউদ্দিন। এ সময় আরেক বাংলাদেশি সামিউল হক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। ওই তালেবান সদস্য পুলিশকে জানিয়েছে, ব্র্যাক কর্মীদের অপহরণ করে মুক্তিপণ হিসাবে বন্দি তালেবানদের মুক্তির দাবি জানানোর পরিকল্পনা করেছিল তারা। এই হামলায় অংশ নেয় পাঁচ তালেবান জঙ্গি। হামলার পর ব্র্যাক কার্যালয় থেকে পালিয়ে আসা সামিউল হক পাজওয়োক আফগান নিউজকে জানান, ভোরে ওই কার্যালয়ে তার সঙ্গে ঘুমিয়ে থাকা আরেক আফগান কর্মীও অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। আফ্রিকার দক্ষিণ সুদান থেকে দক্ষিণ আমেরিকার হাইতি পর্যন্ত বিভিন্ন দেশে শিক্ষা, কর্মসংস্থান, ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত ব্র্যাকের। আফগানিস্তানে ব্র্যাকের তিন হাজার কর্মীর মধ্যে ১৫২ জন বাংলাদেশি রয়েছেন। ২০০২ সালে ব্র্যাক আফগানিস্তানে শাখা খোলার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার জঙ্গি হামলার শিকার হয়েছেন এ সংস্থার কর্মীরা। ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা ব্র্যাক কর্মকর্তা আব্দুল আলিমকে গুলি করে হত্যা করে। ওই ঘটনার তিন দিনের মাথায় অপহৃত হন নূরুল ইসলাম নামে আরেক কর্মকর্তা। দীর্ঘ ৮৩ দিন পর মুক্তি পান তিনি। এরপর ২০০৮ সালের ২৫ অক্টোবর মো. আখতার ও মো. শাহজাহান নামের দুই কর্মকর্তাকে আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে অপহরণ করে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। ১০ দিন পরে ২ নভেম্বর মুক্তি দেওয়া হয় তাদের। ২০১০ সালের ১৮ ডিসেম্বর আফগানিস্তানে ব্র্যাকের প্রকৌশলী আলতাফ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় অপহৃত হন আরো ছয়জন, যাদের মধ্যে দুইজন দুদিন পর মুক্তি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেআর/জেকে/০০৫০ ঘ.