অলীপ ঘটক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বাগেরহাট, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচরাচর না ফোটা ওল কচুর একটি ফুল ফুটেছে বাগেরহাটের মোড়লগঞ্জে। সেই ‘স্বপ্নে পাওয়া ফুলে’র উপর লালসালু টাঙ্গিয়ে দিয়েছেন গৃহকর্তা। আর তাতেই ফুলের গোড়ায় টাকা দিয়ে প্রতিদিন মানত করছেন আশেপাশের লোকজন।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শুভরাজকাঠি গ্রামে আনসার মাতুব্বরের বাড়ির উঠানে গত শনিবার রাতে মাটি ফুঁড়ে ওলকচুর বড় আকারের গাঢ় গোলাপী ওই ফুল ফোটে। পরদিন থেকেই কৌতুহলী মানুষ ভিড় জমাতে থাকেন ফুল দেখতে।
শুক্রবার সেখানে গিয়ে দেখা যায়, বারান্দার পরিষ্কার জায়গায় ফুটে আছে সেই ফুল, তবে রঙ কিছুটা ফ্যাকাসে হয়ে গেছে। তার চারপাশে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, উপরে দেওয়া হয়েছে একটি লালসালু। বাঁশের মাথায় উড়ছে লাল পতাকাও। দূর-দূরান্ত থেকে লোকজন আসছেন আর সাধ্যমতো সেই ফুলের গোড়ায় টাকা দিয়ে মানত করছেন।
আনসার মাতুব্বরের পুত্রবধূ জোহরা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এলাকার মহিলাদের নিয়ে এ স্থানে নামাজসহ বিশেষ তালিম চালানোর পর এই ফুল ফোটার স্বপ্ন দেখি।”
এ ফুলের নাম জানতে চাইলে তিনি বলেন, “সৌন্দর্য ফুল।”
আনসার মাতুব্বর জানান, লোকজন সরল বিশ্বাসে ভক্তিভরে এখানে টাকা দিচ্ছেন। আর তিনি সেই টাকা পাশের শরণখোলার রায়েন্দা গ্রামের হুজুরের দানবাক্সে দিয়ে দিচ্ছেন।
বাড়িতে ‘সৌন্দর্য ফুল’ ফোটায় খুশিতে প্রতিবেশীদের সিন্নি খাইয়েছেন বলেও জানান গৃহকর্তা।
এলাকার কৃষক রুহুল আমিন (৪৫) ও আবুল কালাম (৪২) বলেন, এটা ওলকচুর ফুল। এলাকায় সচরাচর ফুটতে দেখা যায় না। তাই সবাই কৌতুহলী হয়ে উঠেছে।
মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ মিস্ত্রি জানান, আনসার মাতুব্বরের বাড়িতে যে ফুলটি ফুটেছে, সেটি ওল গাছের ফুল বলেই তার ধারণা।
তিনি বলেন, ওলকচুর মূল দীর্ঘদিন বাঁচে। ফলে কোনো স্থানে একবার ওলের চাষ হলে অনেকদিন পরেও সেই মূল থেকে নতুন গাছ হতে পারে, ফুল ফুটতে পারে।
“সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে ফুল নষ্ট হয়ে যায়”, বলেন কৃষি কর্মকর্তা।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯৫৫ ঘ.
bdnews24