বান্দরবান, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুখোশধারীর গুলিতে পরিবহন শ্রমিক আহত হওয়ার জের ধরে বান্দরবান-থানচি সড়কে শুক্রবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এ ঘটনায় দুপুরে শ্রমিক-মালিক ও পুলিশ প্রশাসনের মধ্যে বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে কয়েকজন মুখোশধারীকে থানচি বাসস্ট্যান্ড এলাকায় অস্ত্র নিয়ে ঘুরতে দেখে শ্রমিক ও আশপাশের লোকজন ধাওয়া দেয়। মুখোশধারীরাও পাল্টা ধাওয়া করে এবং গুলি ছোড়ে।
এসময় ‘চিম্বুকের বুকে’ নামের একটি বাস চালকের সহকারী জিয়াউর রহমান (২১) কোমড়ে গুলিবিদ্ধ হন। মুখোশধারীরা ওই বাসের চালক আব্দুল খালেককেও (৩৭) প্রচণ্ড মারধর করে।
এ ঘটনার প্রতিবাদেই শ্রমিকরা সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আহত জিয়াউর রহমান বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান জেলা পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরউল্লাহ।
তিনি জানান, দুপুরে বিষয়টি নিয়ে শ্রমিক-মালিক-পুলিশের মধ্যে বৈঠক হয়েছিলো। কিন্তু কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়েছে।
থানচি থানার ওসি নিয়ামতুল করিম বলেন, মুখোশধারীরা ডাকাত না সন্ত্রাসী তা বোঝা যায়নি। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২২ ঘ.
bdnews24