২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসিক এলাকায় কারখানা বসানোয় জরিমানা হলমার্ক গ্রুপকে

সাভারে আবাসিক এলাকায় শিল্প পার্ক স্থাপন করায় হলমার্ক গ্রুপকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে আবাসিক এলাকায় শিল্প পার্ক স্থাপন করায় হলমার্ক গ্রুপকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ওই প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার এই অর্থও আদায় করেন। একই সঙ্গে প্রকল্পের সমস্ত বেআইনি কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভারের হেমায়েতপুরের তেতুলঝোড়ায় ‘জনতা হাউজিং’ প্রকল্পে হলমার্ক গ্রুপ একটি পোশাক কারখানা ও গরুর খামার প্রতিষ্ঠা করে। পরে ওই আবাসিক এলাকার অধিকাংশ জমিও দখল করে নেয়। জনতা হাউজিংয়ের প্লট গ্রহীতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর শাস্তিমূলক ব্যবস্থা নেয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী শিল্প পার্ক লাল শ্রেণীভূক্ত প্রকল্প। এগুলোর জন্য পরিবেশ আইনে প্রথমে অবস্থানগত ছাড়পত্র এবং পরে পরিবেশ ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু হলমার্ক গ্রুপ আইন লঙ্ঘন করে প্রায় ১০০ একর জমি প্রকল্পের আওতায় এনে জমি ভরাট শুরু করে বলে পরিবেশ অধিদপ্তর জানায়। অধিদপ্তর প্রকল্পের মাটি ভরাট কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করার পাশাপাশি আগামী ৬ মে’র মধ্যে প্রকল্প এলাকা হতে ড্রেজার, পাইপ লাইনসহ সমস্ত সরঞ্জাম অপসারণের নির্দেশও দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এমআই/১৮১০ ঘ.