২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, তারা অধিদপ্তরের উপ-পরিচালককে ঘুষ দিতে এসেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, তারা অধিদপ্তরের উপ-পরিচালককে ঘুষ দিতে এসেছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর লালখান বাজারের ইউনিটেক্স ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের মালিক জসিম উদ্দিন খালেদ (৩৬) ও ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নিজাম উদ্দিন (৪০)। তাদের কাছ থেকে ঘুষের ২৫ হাজার টাকাও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) মোহাম্মদ মাইন উদ্দিন। জসিম উদ্দিন খালেদের বিরুদ্ধে নগরীর নাজির পাড়ায় অবৈধভাবে একটি পুকুর ভরাটের অভিযোগ রয়েছে। আগামী সোমবার অধিদপ্তরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালেদ ও নিজাম দুপুর পৌনে ১টার দিকে খুলশীতে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এসে পুকুর ভরাটের অভিযোগ তুলে নেওয়ার সুপারিশ করেন। এক পর্যায়ে উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ভূইয়াকে ২৫ হাজার টাকা ঘুষ সাধেন তারা। “তখন তাদের হাতেনাতে আটক করে পুলিশে দেওয়া হয়,” বলেন তিনি। মাইন জানান, উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাদি হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৪৭ ঘ.