২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

রাজধানীর চকবাজারে অস্ত্রোপচারের সময় সাত মাসের এক শিশু মারা গেছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চকবাজারে অস্ত্রোপচারের সময় সাত মাসের এক শিশু মারা গেছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির নাম মো. তামিম। তার বাবা সাইদুল ইসলাম কামরাঙ্গির চরের মাতব্বর বাজার এলাকায় থাকেন। বুধবার রাতে ১৭৪ ওয়াটার ওয়াক্স রোডের মিতালী জেনারেল হাসপাতালে শিশুটি মারা যাওয়ার পর হাসপাতালের সবাই পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তামিমের হার্নিয়ার সমস্যার কারণে সোমবার ওই ক্লিনিকে ভর্তি করানো হয়। বুধরার অপারেশন করার পর শিশুটি মারা যায়। এর পর চিকিৎসকরা অপারেশন থিয়েটার তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান। শিশুটির মামা অলি উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বার হাজার টাকার চুক্তিতে হার্নিয়া অপারেশন করার জন্য তামিমকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়।” অপারেশনের আগে সাড়ে চার হাজার টাকা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি বলেন, “অপারেশনের আগে সাত মাসের শিশুটিকে ডাক্তার সাত ঘণ্টা না খাইয়ে রাখেন। এত ছোট বাচ্চাকে সাত ঘণ্টা না খাইয়ে রাখলেতো এমনিতেই মারা যায়।” শিশুটি তার বাবা-মার একমাত্র সন্তান ছিল। ময়ানাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৪৩৫ ঘ.