২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় বজ্রপাতে নিহত ৪

বাগেরহাট, কিশোরগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে অন্তত চার জন নিহত হয়েছে। হবিগঞ্জে একই কারণে ছয়জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট, কিশোরগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে অন্তত চার জন নিহত হয়েছে। হবিগঞ্জে একই কারণে ছয়জন আহত হয়। বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে বজ্রপাতে এক কলেজ ছাত্র মারা গেছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবনাথ তালুকদার রনি জানান, বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার নালুয়া গ্রামে ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে আহত হন তিনি। ২টার দিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহত রমজান শেখ (২০) ওই গ্রামের আমজাদ শেখের ছেলে। সে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ঝড় বৃষ্টির মধ্যে দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়েছিলেন তিনি। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল ও করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজন মারা গেছেন। দুপুর ১২টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে ক্ষেত-খামারে কাজ করার সময় তারা ঘটনাস্থলেই নিহত হন। তাড়াইল থানার ওসি মো. আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে মৌগাঁও গ্রামে বাড়ির কাছে আড়িয়াল বিলে খামারে হাঁস দেখাশুনা করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়া (৫০) মারা যান। করিমগঞ্জ থানার ওসি মো. আখতারুজ্জামান বলেন, জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন পানাহার গ্রামের কৃষক কাজল চন্দ্র দেবনাথ (৩৫)। হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়। এ সময় আহত হয় আরো ছয়জন। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, দুপুর ১২টার দিকে বৃষ্টির মধ্যে বানিয়াচং উত্তরের হাওরের যাত্রাদিঘিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে সবাই আহত হন। হাসপাতালে নেওয়ার পরে একজনকে মৃত ঘোষণা করা হয়। নিহত ইমরান মিয়া (১৬) বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের খসরু মিয়ার ছেলে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিত হাসপাতালে পাঠানো হয়। এরা হলেন, নুরুল ইসলাম (৫৫), আক্তার মিয়া (৩৫), হাফিজুল ইসলাম (১৯) ও শামীম মিয়া (৪০)। এছাড়া বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন উজ্জ্বল মিয়া (১৫) ও নিজাম উদ্দিন (৪৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/কিউএইচ/এসইউ/১৭৫৯ ঘ.