ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা ও বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ইউনেস্কোর প্রথম নারী মহাপরিচালক ইরিনাকে সম্মানসূচক এ ডিগ্রি দেওয়া হচ্ছে।
৯ মে এক বিশেষ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাকে এ সম্মাননা প্রদান করবেন। বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ বিশেষ সমাবর্তন হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সোমবার সিনেটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের সুপারিশে সিন্ডিকেট ওই সিদ্ধান্ত নেয়।
বুলগেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইরিনা বোকোভাকে ২০০৯ সালে ইউনেস্কোর মহাপরিচালক নির্বাচিত করা হয়। এর আগে তিনি বুলগেরিয়ার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনীতিবিদ ও কূটনীতিক হিসেবে শিক্ষা ও বিজ্ঞানের প্রসার, সামাজিক স্থিতিশীলতা, বিশ্ব মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইরিনা।
৯ থেকে ১১ মে ইউনেস্কো ও বাংলাদেশের যৌথ আয়োজনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মন্ত্রীপর্যায়ে এক সম্মেলন যোগ দিতে ঢাকা আসবেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এসইউ/১৭২৬ ঘ.
bdnews24