২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহুয়া এক্সপ্রেস সাড়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ

পণ্যবাহী লাগেজ ভ্যান বাতিল করায় মঙ্গলবার রাতে ঢাকাগামী ট্রেন মহুয়া এক্সপ্রেসকে মোহনগঞ্জ রেলস্টেশনে প্রায় সাড়ে চার ঘণ্টা আটকে রাখে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 06:06 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

নেত্রকোনা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্যবাহী লাগেজ ভ্যান বাতিল করায় মঙ্গলবার রাতে ঢাকাগামী ট্রেন মহুয়া এক্সপ্রেসকে মোহনগঞ্জ রেলস্টেশনে প্রায় সাড়ে চার ঘণ্টা আটকে রাখে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। মোহনগঞ্জের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৮টার পরপরই ট্রেনটি অবরোধের মুখে পড়ে। পরে স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন ও জেলা প্রশাসক আনিস মাহমুদের মধ্যস্থতায় রাত সাড়ে ১২টার পর ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। শহাজাহান জানান, বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে মহুয়া এক্সপ্রেসে পুনরায় লাগেজ ভ্যান সংযুক্ত করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দেওয়া হয়েছে। এই অবরোধে নেতৃত্বদানকারী মোহনগঞ্জের ব্যবসায়ী সমীর সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময়ের মধ্যে মহুয়া এক্সপ্রেসে লাগেজ ভ্যান সংযুক্ত করা না হলে বৃহস্পতিবার আবার অবরোধ শুরু হবে।” সমীর জানান, কম খরচে ঢাকা থেকে মালামাল আনাতে নেত্রকোনার হাওর অঞ্চলের ব্যবসায়ীদের জন্য এই ট্রেনের লাগেজ ভ্যানের সেবা খুবই প্রয়োজনীয়। কিন্তু মঙ্গলবার লাগেজ ভ্যানবিহীন অবস্থায় মহুয়া এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জে আসার পর ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। মোহনগঞ্জ স্টেশনের বুকিং মাস্টার তাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিট থেকে স্টেশন মাস্টারকে তার কার্যালয়ে আটকে রেখে মহুয়া এক্সপ্রেস অবরোধ করে এলাকাবাসী। প্রায় দেড় হাজার মানুষ এতে অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১২০০ ঘ.