রংপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুরে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মিঠাপুকুর থানার ওসি আরমান আলী জানান, বিমল চন্দ্র নামের ৬০ বছর বয়সী এই বৃদ্ধ মঙ্গলবার গভীর রাতে মিঠাপুকুর বালিকা বিদ্যালয়ের কাছে সন্ত্রাসীদের হামলার শিকার হন।
মিঠাপুকুর উপজেলা সদরের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিমল স্থানীয় কমরয়যজ্ঞ হাইস্কুলের গণিতের শিক্ষক ছিলেন। কিছুদিন আগে তিনি অবসরে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে বিমল চন্দ্র সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মিঠাপুকুর বালিকা বিদ্যালয়ের কাছে একদল সন্ত্রাসী তার পথ আটকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়।
পরে পথচারী ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১০৫৫ ঘ.
bdnews24