সুনামগঞ্জ, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ডলুলায় ৫০টি দোকান নিয়ে চালু হয়েছে বাংলাদেশ-ভারত আরেকটি সীমান্ত হাট।
মঙ্গলবার দুপুর ২টায় সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ডলুরায় এবং ভারতের মেঘালয় রাজ্যের শিলং সাব ডিভিশনের বালাট এলাকার জিরো পয়েন্টে দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতেই সীমান্ত হাট চালু হয়।
সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ হাটে কেনাবেচা চলবে বলে জানান দুই দেশের কর্মকর্তারা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মনীষ চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফায়েত জামিল চৌধুরী, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বক্কর সিদ্দিক, অতিরিক্তি পুলিশ সুপার জাফর হোসেন এবং ভারতের পক্ষে মেঘালয়ের রাজ্যের শিলং সাব ডিভিশনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ডি এম ওয়ালাম প্রমুখ।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরই হাটে বাংলাদেশ ও ভারতের ২৫টি করে দোকান বসে। দুই দেশের সীমান্ত এলাকার ৫ কিলোমিটার ভেতরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই হাটে কেনাকাটা করতে পারবেন।
বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও স্থানীয় সাধারণ মানুষের সুবিধার জন্য গত বছরের প্রথম দিকে ডলুরায় ‘সীমান্ত হাট’ বসানোর উদ্যোগ নেয় দুই দেশের সরকার।
গত বছরই শেষ হয় ‘বর্ডার হাট’ নির্মাণের কাজ। পরে দুই দফা তারিখ নির্ধারণ করেও চালু হয়নি এটি। গত ২৬ এপ্রিল ভারত-বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এ হাট চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বক্কর সিদ্দিক জানান, সুনামগঞ্জে সীমান্ত হাট চালুর মধ্য দিয়ে এই দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। স্থানীয় মানুষজনও এই হাটের মাধ্যমে উপকৃত হবেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনীষ চাকমা জানান, বাংলাদেশের টাকা ও ভারতের রুপি কেনাবেচায় ব্যবহৃত হবে।
বাংলাদেশের জনতা ব্যাংক ও ভারতের ইউসিবি ব্যাংক টাকা লেনদেনে হাটে আসা মানুষজনকে সহায়তা করবে। এজন্য তাদের কর্মকর্তারা হাটের দিনে সেখানে অবস্থান করবেন।
কুড়িগ্রামে চালু হওয়া সীমান্তহাটের সঙ্গেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্ত হাট চালুর সরকারি ঘোষণা থাকলেও পরে বাতিল হয়ে ডলুরা সীমান্তের নাম ওঠে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮৫৭ ঘ.
bdnews24