২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবকের অর্থ আত্মসাৎ: মোরেলগঞ্জে স্কুলশিক্ষকের আত্মহত্যা

এক হাজারের বেশি গ্রাহক থেকে যুব কর্মসংস্থান সোসাইটি’র কয়েক কোটি টাকা আত্মসাতের ঘটনায় বাগেরহাটে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

বাগেরহাট, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক হাজারের বেশি গ্রাহক থেকে যুব কর্মসংস্থান সোসাইটি’র কয়েক কোটি টাকা আত্মসাতের ঘটনায় বাগেরহাটে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। মৃত দীপক দত্ত (৪৯) মোরেলগঞ্জ উপজেলার চিপা বারুইখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং যুব কর্মসংস্থান সোসাইটি সন্ন্যাসী শাখার ব্যবস্থাপক ছিলেন। খাউলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের হোমিও চিকিৎসক হরিপদ দত্তের ছেলে। সোমবার ভোরে সন্ন্যাসী বাজারের মিজান মার্কেটে তার ভাড়া বাড়িতে ফাঁসিতে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা শহীদ বলেন, সকাল ৭টার দিকে তিনি দীপকের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট পাঠান। দীপকের স্ত্রী বার বার মূর্ছা যাওয়ায় তার সঙ্গে বা তার পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সদর হাসপাতাল মর্গে দীপকের লাশের ময়নাতদন্ত শেষে পারিবারিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিনি স্ত্রী ও কলেজ পড়–য়া এক মেয়ে রেখে গেছেন। এলাকাবাসী জানায়, এক হাজারের বেশি মানুষ দীপক দত্তের মাধ্যমে যুবকে টাকা বিনিযোগ করেন। এদের মধ্যে কেউ কেউ ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন। ২০০৯ সালে যুবক বন্ধ হওয়ায় অনেকেই সর্বশান্ত হয়েছে। গ্রাহকদের চাপে পড়ে মৃত্যুর আগে পর্যন্ত দীপক নিজের জমি বিক্রি করে ও স্কুলের মাসিক বেতনের টাকা দিয়ে কিছু দেনা পরিশোধ করেছিলেন। কিন্তু আরো অনেকের পাওনাসহ তার শাখার কয়েকজন কর্মকর্তার চাপে তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার জন্য ওই শাখায় তার অধঃস্তন পাঁচ কর্মকর্তাকে দায়ী করে তিনি দ্’ুপাতার একটি চিঠি লিখেছেন। মোরেলগঞ্জ থানার ওসি মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ তার লেখা চিঠিটি উদ্ধার করেছে। চিঠিতে তিনি আত্মহত্যার জন্য সন্ন্যাসী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিমল কর, এ আর খান ডিগ্রি কলেজের শিক্ষক মঈনুল ইসলাম মিঠু ও দেবাশীষ মণ্ডল, সন্নাসী মধ্য বরিশাল দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হামিদ এবং স্থানীয় জাকির হোসেনকে দায়ী করেছেন। মাসুদ আলম বলেন, চিরকুটে তিনি উল্লেখ করেছেন ওই ব্যক্তিদের চাপে নিরুপায় হয়ে তিনি আত্মহত্যা করলেন। তাদেরকে তিনি ‘নরপিশাচ’ হিসেবে উল্লেখ করেছেন চিঠিতে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে দীপকের উপর চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করে পরিমল কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীপকসহ আমরা সবাই যুবকের দ্বারা ক্ষতিতগ্রস্ত। যুবকের গ্রাহকরা আমাদের প্রতিনিয়ত চাপ দিচ্ছে। আমাদের মধ্যে শুধু দীপকের সঙ্গে যুবকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিনতেন। তাই আমরা মাঝে মাঝে পরিস্থিতি সম্পর্কে তার কাছে খোঁজখবর নিতাম।” পরিমল আরো জানান, তারা পাঁচ জন দীপকের অধীনে যুবকের সন্ন্যাসী শাখায় গ্র“প ইনচার্জ (জিআই) বা দলনেতা হিসেবে কমিশনের ভিত্তিতে কাজ করতেন। তারা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে দীপকের কাছে জমা দিতেন। দীপক তা যুবকের বাগেরহাট জেলা কার্যালয়ে পৌঁছে দিয়ে গ্রাহকদের দলিল (প্রাপ্তি স্বীকার পত্র) বুঝে দিতেন। এভাবে তার মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকা যুবকে জমা দেওয়া হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, দীপকের মাধ্যমে তিনি যুবকের কাছে এক লাখ টাকা জম রেখেছিলেন। যুবকের কার্যক্রম বন্ধ হয়ে গেলে এক পর্যায়ে দীপক নিজের জমি বিক্রি করে পাওনা শোধ করেন। এ ছাড়া গত বেশ কয়েক মাস ধরে তিনি নিজের বেতনের টাকা দিয়ে ছোট ছোট বেশ কয়েকজন গ্রাহকের টাকা পরিশোধ করেন। এই অবস্থায় দীপকের পরিবার আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়। খাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের বলেন, “দীপক একজন ভাল মানুষ ও ভাল শিক্ষক ছিলেন। যুবকে টাকা লগ্নিকারী গ্রামবাসীর দীপকের প্রতি কোনো অভিযোগ না থাকলেও যেহেতু তিনি প্রতিষ্ঠানটির পক্ষে টাকা নিয়েছিলেন সেহেতু সবাই আশা করতেন দীপক তাদের টাকা আদায় করে দেবেন। এ বিষয়ে আমি নিজেও একাধিকবার সালিশ করেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১৩৯ ঘ.