সুনামগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা ডলুরায় ৫০টি দোকান নিয়ে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট।
সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাটে কেনাবেচা চলবে।
বর্ডার গার্ড বাংলাদেশ-৮ (সুনামগঞ্জ) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বক্কর ছিদ্দিকী জানান, বাংলাদেশ-ভারতের জেলা পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এ হাট চালু হবে।
বাংলাদেশ ও ভারতের ২৫টি করে দোকান নিয়ে তৈরি এই হাটে দুই দেশের সীমান্ত এলাকার ৫ কিলোমিটার ভেতরের ব্যবসায়ীরা ব্যবসা ও সাধারণ মানুষ কেনাকাটা করতে পারবেন।
তিনি জানান, ব্যবসায়ী ও ক্রেতাদের তালিকা দুই দেশের একটি যৌথ কমিটি নির্ধারণ কবরে। বাংলাদেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভারতের একই পদমর্যাদর একজন কর্মকর্তা দুই দেশের ব্যবসায়ী ও ক্রেতার তালিকা তৈরি করবেন।
বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও স্থানীয় সাধারণ মানুষের সুবিধার জন্য গত বছরের প্রথম দিকে বাংলাদেশের সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা ও ভারতের মেঘালয়ের রাজ্যের শিলং সাব ডিভিশনের বালাট এলাকার জিরো পয়েন্টে ‘সীমান্ত হাট’ বসানোর উদ্যেগ নেয় দুই দেশের সরকার।
গত বছরই শেষ হয় ‘বর্ডার হাট’ নির্মাণের কাজ। পরে দুই দফা তারিখ নির্ধারণ করেও চালু হয়নি এটি। গত ২৬ এপ্রিল ভারত-বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এ হাট চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খায়রুল হুদা চপল জানান, সুনামগঞ্জে সীমান্ত হাট চালুর মধ্য দিয়ে এই দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। স্থানীয় মানুষজনও এই হাটের মাধ্যমে উপকৃত হবেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ উদ্দিন আহমদ জানান, দুই দেশের সীমান্তবর্তী অনুন্নত মানুষের কল্যাণে এই হাট স্থাপন করা হয়েছে। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাটে কেনাবেচা চলবে। বাংলাদেশের টাকা ও ভারতের রুপি কেনাবেচায় ব্যবহৃত হবে।
বাংলাদেশের জনতা ব্যাংক ও ভারতের ইউসিবি ব্যাংক টাকা লেনদেনে হাটে আসা মানুষজনকে সহায়তা করবে। এজন্য তাদের কর্মকর্তারা হাটের দিনে সেখানে অবস্থান করবেন।
কুড়িগ্রামে চালু হওয়া সীমান্তহাটের সঙ্গেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্ত হাট চালুর সরকারি ঘোষণা থাকলেও পরে বাতিল হয়ে ডলুরা সীমান্তের নাম ওঠে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৩৫ ঘ.
bdnews24