২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার কাউন্সিল নির্বাচন হতে ‘বাধা নেই’

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করে দেওয়া হাই কোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন চেম্বার বিচারপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করে দেওয়া হাই কোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন চেম্বার বিচারপতি। বার কাউন্সিলের এক আবেদনে সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। আদেশে বলা হয়, নির্বাচনের ১৫ দিন আগেই ভোটার তালিকা সংশোধন করতে হবে। পাশাপাশি আবেদনটি আগামী ৩ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন তিনি। আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। এম কে রহমান বলেন, “এই আদেশের ফলে নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না।” মোহাম্মদ সালেহ উদ্দিনসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার বার কাউন্সিলের নির্বাচনী কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করে। ওই নির্বাচনের ঘোষিত তফসিল এবং ‘ক্রটিপূর্ণ ও ফোলানো-ফাঁপানো’ ভোটার তালিকার ভিত্তিতে পরিচালিত নির্বাচনী প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চায় হাইকোর্ট। বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ মে এই নির্বাচন হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৫৪৪ ঘ.