২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকালে বিএনপিপন্থী আইনজীবীদের সংবাদ সম্মেলন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।” ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে রোববার সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া সন্ধ্যায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে একটি গাড়ি আগুনে পুড়িয়ে দেয় হরতালকারীরা। এসব ঘটনায় পুলিশ রাতেই রাজধানীর শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা দায়ের করে, যাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ১৮ দলীয় জোটের বেশ কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়। তেজগাঁও থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর মামলার এজাহারে বলা হয়েছে, মির্জা ফখরুলসহ বিএনপি ও জামায়াতের ৮ নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় আসামিরা হরতালের সময় ওই ঘটনা ঘটিয়েছে। এই মামলার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “হুকুমের আসামি হিসাবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়েছে।” “এসব মামলার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ না হলে তাদের অব্যাহতি পাওয়ারও সুযোগ রয়েছে”, যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৩৫০ ঘ.