ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক নজরুল হক (৬০) নিজের বাড়িতে খুন হয়েছেন।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বাড্ডা থানার উপপরিদর্শক দেওয়ান কৌশিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নজরুল হক রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাচল সড়কের একটি বাসায় থাকতেন। সোমবার মধ্যরাতে সন্ত্রাসীরা তার বাড়িতে ঢুকে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে মারা যায়ন নজরুল।
নিহতের ভাইয়ের মেয়ে সোনিয়া (২০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার চাচা শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক ছিলেন। কেন তাকে খুন করা হয়েছে- সে সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।
তবে উপপরিদর্শক দেওয়ান কৌশিক আহমেদ বলেছেন, “জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।”
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২৩০ ঘ.
bdnews24