কুষ্টিয়া, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় রোববার এক ব্যাংক কর্মকর্তা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নিহত আব্দুল ওহাব (৫০) ছিলেন অগ্রণী ব্যাংক কুষ্টিয়া জোনাল অফিসের প্রিন্সিপ্যাল অফিসার।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশন মাস্টার মহসীন আলী বলেন, রাত সাড়ে ৮টার দিকে কোর্ট স্টেশন প্লাটফর্মে পোড়াদহ থেকে ছেড়ে আসা রাজবাড়ী অভিমুখী ৫০৮ ডাউন শাটল ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়লে ওহাবের দেহ দিখণ্ডিত হয়ে যায়।
বিষয়টি পোড়াদহ রেলওয়ে পুলিশকে জানানোর পর জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পোড়াদহ জিআরপি থানা পুলিশের ওসি সেকেন্দার আলী বলেন, শাটল ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত আব্দুল ওহাবের বড় ভাই সাদ আলী (৫৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্ত্রীর সঙ্গে কলহের কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরো বলেন, ওহাবের ম্যাডিক্যাল এসিস্টেন্ট স্ত্রীর সঙ্গে এক ডাক্তারের অনৈতিক সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল।
অগ্রণী ব্যাংক কুষ্টিয়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ওয়াহেদুজ্জামান বলেন, আজ (রোববার) সারাদিন ওহাব সহকর্মীদের সঙ্গে অফিসে কর্মরত ছিলেন। তবে বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.
bdnews24