ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত বেলারুশের উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই অ্যালেনিক রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বিজন লালদেব জানিয়েছেন, সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে গণভবণে তিনি দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন।
শনিবার বেলারুশের এই উপ পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে ঢাকা আসেন। ওই দিনই সের্গেই অ্যালেনিক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।
১৯৯১ সালে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বেলারুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কোন কর্মকর্তার এটিই বাংলাদেশে প্রথম সফর। উভয় দেশই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দুই দশক উদযাপন করছে।
শনিবারের বৈঠকে দুই পক্ষ সম্ভাবনাময় বিভিন্ন বিষয়ে বিশেষ করে কৃষি ও কৃষি যন্ত্রপাতি, উচ্চ শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন শিল্প খাতে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২৩৬ ঘ.
bdnews24