ময়মনসিংহ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাস ও যাত্রীবোঝাই ছোট গাড়ির (হিউম্যান হলার) মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রীসহ আটজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন, ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের øাতক শ্রেণীর ছাত্রী মারিয়া হামিদা রোজিনা (২৫), ত্রিশাল উপজেলার মাগুরজোড়া গ্রামের মৃত ফালু ফকিরের ছেলে ও আইসক্রিম বিক্রেতা রফিকুল ইসলাম (৩২), একই গ্রামের শামসুল হকের ছেলে আসাদুল হক (২৭), আমিরবাড়ী গ্রামের গুলনাহার বেগম (৩৬), দড়িরামপুর গ্রামের লেগুনাচালক হোসেন আলী (২০), হরিরামপুর গ্রামের হাসু (৩২), গফরগাঁও উপজেলার কাউয়াকুড়ি গ্রামের মানিক মিয়া (৬০)।
এছাড়া নিহত এক নারীর পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই হিউম্যান হলারের যাত্রী ছিলেন।
ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার পরিবহনের বাসটি ঢাকা থেকে শেরপুরের নালিতাবাড়ী যাচ্ছিলো। অপরদিকে গাড়িটি ত্রিশাল থেকে ভালুকায় যাচ্ছিলো। রাঙামাটিয়ায় দুটো যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যায়।
গুরুতর আহত আরো ২০ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর সেখানে গাড়ির চালক হোসেন আলী মারা যান। অবস্থার অবনতি হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে ১০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহতদের মধ্যে আরও তিন জন মারা যায়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/এসইউ/১৮২০ ঘ.
bdnews24