২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের একটি গ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে নিহতরা সবাই একই পরিবারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 03:08 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ফরিদপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি গ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। ভাঙ্গা থানার ওসি দাদন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মানিকদহ ইউনিয়নের খাকান্দা-নাজিরপুর গ্রামের রশিদ ভূইয়ার বাড়িতে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে গৃহকর্তা রশিদ ভূইয়া (৮০) এবং তার চার নাতনি শাহিন (১৬), ফিহা (৩), সুজন (১৭) ও তহুরা (১১) মারা যায়। এদের মধ্যে ফিহা ও শহিন রশিদ ভূইয়ার বড় ছেলে ফরহাদের সন্তান। সুজন ও তহুরা রশিদের মেয়ের ঘরের নাতি। ওসি জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে বাড়ির চারটি ঘর পুড়ে যায়। এ সময় শোবার ঘরে ঘুমিয়ে থাকা ওই ৫ জন আগুনে পুড়ে মারা যায়। রশিদের আরেক ছেলের বউ মাকসুদা তার মেয়ে ঝিলিককে নিয়ে বের হয়ে আসতে পারেন। আগুনে পুড়ে দুটি গবাদিপশুও মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১১৩২ ঘ.