২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সহকর্মী আহত হওয়ার জের ধরে বিক্ষুব্ধ গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

গাজীপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সহকর্মী আহত হওয়ার জের ধরে বিক্ষুব্ধ গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। শুক্রবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ ও লিটন এবং কনস্টেবল শাজাহানকে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় কভার্ডভ্যানের ধাক্কায় আহত হন হরিণহাটি এলাকার স্টারলিং গার্মেন্টসের শ্রমিক মুক্তার হোসেন (৩৫)। এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে কয়েকশ’ শ্রমিক রাস্তায় নেমে আসে। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ পৌঁছে শ্রমিকদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এতে রাজি না হওয়ায় পুলিশ তাদের লাঠিপেটা করে। এ সময় শ্রমিকরাও পুলিশের দিকে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ বাঁধে। গাজীপুর শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) দেওয়ান লালন আহমেদ জানান, উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ ১১ রাউন্ড শটগানের গুলি ও নয় রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ, হারুনুর রশিদ, লিটন, কনস্টেবল মো. আলী, শাজাহান এবং শিল্প পুলিশের পরিদর্শক কবীর হোসেনসহ অর্ধশতাধিক শ্রমিক ও পথচারী আহত হয়েছেন বলেও জানান তিনি। কারখানার ব্যবস্থাপক (এডমিন) জসিম উদ্দিন জানান, আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আপাতত কারখানায় ঘোষণা করা হয়েছে ছুটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২০৪৮ ঘ.