গাইবান্ধা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে আরাজি তরফকামাল গ্রামের দাড়িয়ার বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মনিরুল ইসলাম (২৮) ওই গ্রামের তবিজ উদ্দিনের ছেলে।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মনিরুল নিজ ঘরে ঘুমিয়ে পরে। সকালে তার বাবা দেখতে পায় তার ছেলের ঘরের দরজা খোলা। পরে লোকজনের কাছে জানতে পারেন, তার ছেলের লাশ দাড়িয়ার বিল সংলগ্ন একটি পুকুরের ধারে পড়ে আছে।
তিনি জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে পুলিশ ধারণা করছে, রাতে কেউ মনিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ বিলের ধারে ফেলে রেখে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৯২৬ ঘ.
bdnews24