২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৩

সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ মারার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে বনকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

বাগেরহাট, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ মারার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে বনকর্মীরা। এছাড়া বাগেরহাট শহরে দড়াটানা নদী থেকে প্রচুর পরিমাণ চোরাই কাঠসহ একটি নৌকা ও একটি ট্রলার আটক করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, শুক্রবার ভোরে চাঁদপাই রেঞ্জের ঘাঘরামারী ক্যাম্প এলাকার খালেকের ভারানী (খাল) থেকে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় তিন জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মিরাজ সরদারের ছেলে বাদল সরদার (৩২), রহমান হাজীর ছেলে মুক্তা হাজী (৩০) এবং মৃত আফছার আলীর ছেলে মো. ইসমাঈল (৩৮)। তাদের সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব ঢাংমারি গ্রামে। মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তিন জনের কাছ থেকে আধা বোতল ‘পেসকিল-১০ ইসি’ কীটনাশক, বিভিন্ন ধরনের ২৫ কেজি মাছ, ৩৫ কেজি চিংড়ি, দুটি দা ও একটি নৌকা আটক করা হয়েছে। এছাড়া শুক্রবার সকাল ৮টার দিকে শহরের মুনিগঞ্জ এলাকার দড়াটানা নদীতে অভিযান চালিয়ে বাইন গাছের প্রায় একশ’ ঘনফুট কাঠসহ একটি নৌকা এবং সুন্দরী কাঠের ৩৮টি খুঁটিসহ একটি ট্রলার আটক করে বনকর্মীরা। এ সময় ট্রলারের চালক হুমায়ুন কবির হাওলাদারকেও (২১) গ্রেপ্তার করা হয়। মিহির বলেন, সুন্দরবন থেকে এসব কাঠ কেটে স্বরূপকাঠিতে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন হুমায়ুন। মাছ ও কাঠ আটকের ঘটনায় বন আইনে দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৩৫ ঘ.