২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম সারওয়ারকে হুমকি: ১৩ সম্পাদকের উদ্বেগ

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পত্রিকা মালিকদের সংগঠন- নোয়াবভুক্ত কয়েকজন সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পত্রিকা মালিকদের সংগঠন- নোয়াবভুক্ত কয়েকজন সম্পাদক। পাশাপাশি তারা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার বাংলা ও ইংরেজি ১৩টি দৈনিক পত্রিকার সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের ঘটনা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে মারাত্মক অন্তরায়। এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের কে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর দৈনিক সমকালে ইলিয়াসের সন্ধান মিলেছে ও শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া নিয়ে দরকষাকষি চলছে- এমন সংবাদ প্রকাশিত হয়। এর পর পরই পত্রিকাটির সম্পাদক গোলাম সারওয়ারকে টেলিফোনে কে বা কারা জীবননাশের হুমকি দেয়, যে কারণে নিরাপত্তা চেয়ে তিনি একটি সাধারণ ডায়েরিও করেছেন। বিবৃতিতে স্বাক্ষর করা সম্পাদকের মধ্যে রয়েছেন- দি নিউজ টুডের রিয়াজউদ্দিন আহমেদ, দি ডেইলি স্টারের মাহফুজ আনাম, প্রথম আলোর মতিউর রহমান, দৈনিক ইত্তেফাকের আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, ভোরের কাগজের শ্যামল দত্ত, দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের মোয়াজ্জেম হোসেন, দৈনিক করতোয়ার মোজাম্মেল হক, পূর্বকোণের তসলিমউদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর এমএ মালেক, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম ও দি ইন্ডিপেন্ডেন্টের মাহবুবুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/২১৪৯ ঘ.