নওগাঁ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম)- শিক্ষিকার পিটুনিতে নওগাঁর মান্দায় এক স্কুল ছাত্রের হাতের হাড় ফেটে গেছে।
এর ফলে শামীম হোসেন নামের ছাত্রটি বিদ্যালয়ের চলমান তিনটি পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে তার স্বজনরা জানিয়েছে।
শামীম মান্দার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
শামীম হোসেন সাংবাদিকদের জানায়, শনিবার স্কুলে যাওয়ার পর সহপাঠী ওমর ফারুকের সঙ্গে মারামারি করার অভিযোগে দুজনকে মারধর করেন শিক্ষিকা মোর্শেদা বিবি।
কাঠের লাঠি দিয়ে পিটুনি দেওয়ায় শামীম ডান হাতের কব্জিতে প্রচণ্ড আঘাত পায়। খবর পেয়ে তার মা শাবানা বিবি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এরপর ক্লাসের তিনটি পরীক্ষা হলেও শামীম তাতে অংশ নিতে পারেনি বলে জানায়।
শামীমের মা শাবানা বিবি অভিযোগ করেন, প্রভাবশালীদের চাপে তিনি এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ করতে পারছেন না।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎিসা কর্মকর্তা (আরএমও) মনোরঞ্জন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে শামীমের হাতের এক্স-রে করা হয়েছে। তাতে তার ডান হাতের কব্জিতে ফাটল ধরা পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহানা নাজনীন মারধর ও হাতে ব্যথা পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিস্পত্তির চেষ্টা চলছে।
বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি আবু বকর এ বিষয়ে অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম সানোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি তাকে অবহিত করেছেন। কিন্তু লিখিত অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১১ ঘ.
bdnews24