২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি উপাচার্য অবরুদ্ধ, পদত্যাগ দাবি

শিক্ষকরা বলছেন, তাদের একটিই দাবি, উপাচার্যের পদত্যাগ। দাবি পূরণ না হলে অবরোধ কর্মসূচি চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের পদত্যাগ দাবি ও দুই সহকর্মীকে গ্রেপ্তাদের প্রতিবাদে বুধবার গভীর রাত থেকে উপাচার্যের বাসভবন ও প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর পদত্যাগ না করা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। লাঞ্ছিত করার অভিযোগ এনে বুধবার সন্ধ্যায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আলী আকন্দ একটি মামলা করেন। পরে রাত ১টার দিকে বিশ্ববিদালয়ের বাসভবন থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ তালিম হোসেন ও সহযোগী অধ্যাপক মো. নূহ আলমকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তারকৃত দুই শিক্ষক উপাচার্যবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। এ ঘটনায় শিক্ষকরা রাত সোয়া ২টা থেকে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীরের বাসভবন অবরোধ করে রাখেন। ভোর ৪টার দিকে নিবন্ধক আবু বকর সিদ্দিক ভেতরে প্রবেশ করলে তাকেও অবরুদ্ধ করে ফেলা হয়। নিবন্ধক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই শিক্ষকের গ্রেপ্তারের বিষয়ে তিনি কিছুই জানেন না। ভোর সাড়ে ৪টায় কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন ‘উপাচার্য ভবনে’ ঢোকেন। বেড়িয়ে এসে তিনি দুই শিক্ষককের মুক্তির জন্য উপাচার্যের পক্ষে কয়েকদিন সময় চান। এ সময় আন্দোলনরত শিক্ষকরা জানিয়ে দেন, উপাচার্য পদত্যাগ না করলে তারা সেখান থেকে যাবেন না। ভোর সাড়ে ৫টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেনও সেখানে যান। এর প্রায় চার ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে দুই শিক্ষক জামিনে মুক্তি পান। তবে শিক্ষকরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন। তারা ঘোষণা দিয়েছেন, উপাচার্যর পদত্যাগ না করলে সরবেন না। শিক্ষক সমিতির সম্পাদক শরীফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য বিশ্ববিদ্যালয়ে একনায়কতন্ত্র কায়েম করেছেন, পদত্যাগ ছাড়া তার মুক্তি নেই।” শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার বলেন, “উপাচার্য বলছেন, শিক্ষক গ্রেপ্তারের বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমরা প্রত্যাখ্যান করে তাকে অবরুদ্ধ করে রেখেছি, একমাত্র পদত্যাগেই তার মুক্তি।” যেখান থেকে শুরু স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে পদত্যাগ দাবিতে বুধবার বেলা ২টা থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আলী আকন্দকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন ওই বিভাগের শিক্ষকরা। সন্ধ্যা ৬টার দকে তিনি কার্যালয় থেকে বের হতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় লাঞ্ছিত করার অভিযোগ এনে তিনি একটি মামলা করেন, যে মামলায় ওই দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিলো। এদিকে বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি শান্ত করাসহ বিভিন্ন দাবি জানিয়ে উপাচার্যের বাসভবনের সামনে মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। পরে একই দাবিতে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা। বিশেষ সিনেট স্থগিত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ছে, ‘উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আহ্বানকৃত ২৭ এপ্রিল বেলা ৪টায় সিনেট কক্ষে অনুষ্ঠিতব্য বিশেষ সিনেট অধিবেশন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৮১১ ঘ.