নারায়ণগঞ্জ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে এক পোশাককর্মীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে উপজেলার সানারপাড় থেকে সুলতানা বেগম লিপি নামে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
লিপি সিদ্ধিরগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্বামী দুদু মিয়া রিকশাচালক।
এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্দিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সুলতানার সঙ্গে দুদু মিয়ার ঝগড়া হয়।
সকালে ঘুম থেকে উঠে ছেলে মেয়েরা ঘরের মেঝেতে সুলতানার লাশ পড়ে থাকতে দেখে কান্নাকাটি করলে বাড়ির লোকজন গিয়ে দেখে এবং পুলিশে খবর দেয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন থেকে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার পস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/০০২৪ ঘ.
bdnews24