ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনের গ্রাহকরা এখন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর শুনতে পাবেন শুধু ২২০০০ নম্বরে।
দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটরটি ২২০০০ নম্বরে নতুন সংবাদ সেবা চালু করায় বিডিনিউজ টোয়েন্টিফোর মোবাইল ফোন সংবাদের এ নতুন বিন্যাস হল। আগে ২০০০ নম্বরে এই সেবা পাওয়া যেত।
বুধবার ‘সবার আগে সব খবর, মোবাইলে’ শিরোনামের এই সংবাদ সেবা যৌথভাবে চালু করেছে গ্রামীণফোন এবং কন্টেন্ট এগ্রিগেটর এসএসএল ওয়্যারলেস।
এতে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সহ দেশের ১২টি শীর্ষ সংবাদপত্র, অনলাইন ও টেলিভিশনের সংবাদ সেবা পাওয়া যাবে। নতুন এই নম্বরে গ্রামীণফোন গ্রাহকরা নাম শুনে পছন্দসই সংবাদ মাধ্যম বেছে নিতে পারবেন।
২২০০০ এ ডায়াল করার পর ৩ চাপলে গ্রাহকরা পাবেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর। এখানে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ‘ভয়েস নিউজ’ শুনতে পারবেন গ্রাহকরা। ৩ চেপে বিডিনিউজ টোয়েন্টিফোরে যাওয়ার পর বাংলা খবরের জন্য ১ এবং ইংরেজি খবরের জন্য ২ চাপতে হবে। দুই ভাষাতেই ১,২ ও ৩ নম্বরে রয়েছে যথাক্রমে সংবাদ শিরোনম, সংক্ষিপ্ত সংবাদ ও খেলাধুলার খবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এসব ‘ভয়েস নিউজ’ এর পাশাপাশি ‘এসএমএস নিউজ’ সেবাগুলোও এখন থেকে শুধু ২২০০০ নম্বরেই পাওয়া যাবে।
রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণ ফোনের পরিচালক (রেগুলেটরি অ্যাফেয়ার্স) তাইমুর রহমান, উপ-মহাব্যবস্থাপক (কন্টেন্ট অ্যাণ্ড অ্যাপ্লিকেশন) আজিজুল আবেদীন, এসএসএল ওয়্যারলেস এর মহাব্যবস্থাপক আনিসুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন এসএসএল ওয়্যারলেস এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ কামাল সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের উর্ধ্বতন কর্মকর্তারা।
গ্রামীণফোনের উপ-মহাব্যবস্থাপক (কন্টেন্ট অ্যাণ্ড অ্যাপ্লিকেশন) আজিজুল আবেদীন বলেন, “দ্রুততম সময়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে খবর পৌঁছে দিতে দেশে এই প্রথম এতগুলো সংবাদপত্র ও টিভি চ্যানেলকে একই প্ল্যাটফরমে নিয়ে আসা হয়েছে।”
“এই সেবার মাধ্যমে হকাররা যেখানে পত্রিকা পৌঁছে দিতে পারে না অথবা যেখানে ক্যাবল সংযোগ নেই সেখানে সহজেই মোবাইলের মাধ্যমে খবর পাবেন গ্রাহকরা।”
এই সেবা পেতে গ্রাহককে প্রতিমিনিটের জন্য দুই টাকা চার্জ দিতে হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে গ্রামীণফোনের ওয়েবসাইট www.grameenphone.com থেকেও বিস্তারিত জানতে পারবেন গ্রাহকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএমটি/১৭৫৪ ঘ.
bdnews24