ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘খোঁজ’ চেয়ে বিএনপির ডাকা তৃতীয় দিনের হরতালে রাজধানী থেকে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
এই নিয়ে তিন দিনের হরতালে গ্রেপ্তার বিএনপি নেতা-কর্মীর সংখ্যা ৯৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সেলিমা রহমান ও ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল বাশারও রয়েছেন।
সেলিমা রহমান জামিন পেলেও সাবেক কাউন্সিলর বাশারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার কোতোয়ালি থানা এলাকা থেকে ১৫ জন, মিরপুরে ৪, রমনা ২, বনানীতে ১ ও তেজগাঁওয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
হরতালে অরাজকতা সৃষ্টি করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ উপকমিশনার।
সোমবারের হরতালে ৪১ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। রোববার গ্রেপ্তার করা হয় ৩১ জনকে।
মঙ্গলবার হরতাল চলাকালে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করলেও কাউকে কোনো ধরনের সাজা দেওয়া হয়নি বলে মাসুদুর রহমান।
তিনি বলেন, হরতালের তৃতীয় দিনে রাজধানীতে মোট ১৪টি গাড়ি ভাংচুর ও দুটি যানবাহনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াসের সন্ধানে মঙ্গলবার তৃতীয় দিনের মতো হরতাল করে বিএনপি। হরতাল শেষে সরকারকে আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বিএনপি বলেছে, এর মধ্যে ইলিয়াসকে পাওয়া না গেলে রোববার থেকে আবার কঠোর কর্মসূচি দেওয়া হবে।
১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন ইলিয়াস আলী ও তার গাড়ি চালক। বনানীতে ইলিয়াসের বাড়ির কাছে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পাওয়া গেলেও তার সন্ধান মেলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/২০১২ ঘ.
bdnews24