২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বিএনপি কর্মীসহ দুইজন খুন

মাদারীপুর পৌর শহরে পৃথক ঘটনায় এক বিএনপি কর্মীসহ দুইজন খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

মাদারীপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর পৌর শহরে পৃথক ঘটনায় এক বিএনপি কর্মীসহ দুইজন খুন হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের সৈয়দারবালী ও ইটেরপুল বাজার এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করে মাদারীপুর থানা পুলিশ। নিহতরা হলেন- সৈয়দারবালী এলাকার লুৎফর হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৩) ও ইটেরপুল বাজারের নৈশ প্রহরী সোহরাব মোল্লা (৫৫)। নিহত সুমন স্থানীয় বিএনপির একজন কর্মী। ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমনের মৃতদেহ পাওয়া যায় সৈয়দারবালী এলাকার একটি ধানক্ষেত থেকে। আর ইটেরপুল বাজার থেকে সোহরাবের লাশ উদ্ধার করা হয়। “নৈশপ্রহরী সোহরাবকে সোমবার রাতে একদল দুর্বৃত্ত মাথায় আঘাত করে হত্যা করে বাজারে লাশ ফেলে রেখে যায়। আর বিএনপি কর্মী সুমনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় এর চিহ্ন পাওয়া গেছে।” নৈশপ্রহরী সোহরাব মোল্লার ছেলে রুবেল মোল্লা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী হাজী ইসমাইল মুন্সীর সঙ্গে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছে। এর জেরেই তার বাবাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে রুবেলের ধারণা। এদিকে মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান বলেন, “সুমন ছিল আমাদের একনিষ্ঠ কর্মী। আমরা তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” ওসি মনিরুজ্জামান বলেন, এ দুটি হত্যায় কারা জড়িত তা জানা যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৮২৪ ঘ.