ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে সরকারের নির্দেশে ‘গুম’ করার অভিযোগ সত্যি প্রমাণ হলে শেখ হাসিনার ‘রাজনৈতিক ক্যারিয়ার’ শেষ হয়ে যাবে।
মঙ্গলবার এক সমাবেশে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া সরকারের উদ্দেশে বলেন, “খালেদা জিয়ার নির্দেশে ইলিয়াস লুকিয়ে থাকলে তাকে সর্বশক্তি দিয়ে খুঁজে বের করুন।”
সাবেক সাংসদ ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে খুঁজে বের করার আশ্বাস দেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের ইস্যু তৈরির জন্য ইলিয়াস হয়তো তার নেত্রীর (খালেদা) নির্দেশেই লুকিয়ে আছেন।
এর জবাবে জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ‘নিখোঁজ’ ইলিয়াসকে ‘সর্বশক্তি দিয়ে’ খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেন, “তবে মনে রাখবেন, খালেদা জিয়ার নির্দেশে তিনি লুকিয়ে থাকলে তার (ইলিয়াস) রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে। আর আপনার (প্রধানমন্ত্রী) নির্দেশে গুম হয়ে থাকলে আপনার রাজনীতিও এখানে শেষ হয়ে যাবে।”
ইলিয়াস আলীর খোঁজ চেয়ে বিএনপির ডাকা টানা তৃতীয় দিনের হরতাল চলাকালে বেলা সোয়া ১১টার দিকে মিছিল বের করে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমিতি।
মিছিলটি সুপ্রিমকোর্টের মাজার গেট দিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ জল কামান নিয়ে গতিরোধ করে। এসময় পুলিশের সঙ্গে আইনজীবীদের ধস্তাধস্তি হয়।
পরে তারা মাজার গেট দিয়ে ফিরে এসে হাইকোর্টের মূল ফটক দিয়ে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে সেখানেই সমাবেশ করেন তারা।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দিনসহ অর্ধশতাধিক আইনজীবী এ সমাবেশে অংশ নেন।
এদিকে হরতালের মধ্যে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারপতিরা এজলাসে এলেও আইনজীবী ও বিচারপ্রার্থী না থাকায় কোনো কাজ হয়নি।
প্রশাসনিক শাখায় কাজ চললেও কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের উপস্থিতি ছিল অন্য দিনের তুলনায় কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এআরআর/এসআই/জেকে/১৮০৮ ঘ.
bdnews24