চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালেরবিরোধী মিছিল করতে রাস্তায় নেমে চট্টগ্রামে ছাত্রলীগের দু’পক্ষের হাতাহাতিতে আহত হয়েছেন তিন কর্মী।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- এনামুল হক (২৭), সাইফুল ইসলাম (২৫) ও নুরুল আকতার (৩৪)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর দোস্ত বিল্ডিংয়ের সামনে উত্তর জেলা আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে। মিছিলে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক এম এ সালামসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়ার ক্ষোভের জের ধরে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোস্ত বিল্ডিংয়ের সামনের সড়কে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়। সেখানে সমাবেশ শেষে একটি মিছিল কোতোয়ালি মোড় হয়ে দোস্ত বিল্ডিংয়ে এসে শেষ হওয়ার আগে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় ছুরিকাঘাতে তিন কর্মী আহত হন।
কোতোয়ালি থানার সার্জেন্ট নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগের মিছিলের শেষ পর্যায়ে পেছনে থাকা ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতি হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি।”
তবে ছুরিকাঘাতের বিষয়টি জানেন না বলে দাবি করেন তিনি।
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিলের শেষ পর্যায়ে এসে সামান্য হাতাহাতি হয়েছে। কমিটিতে স্থান না পাওয়ার ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে।
স¤প্রতি কেন্দ্র থেকে উত্তর জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়। এতে অনেকেই স্থান না পাওয়ায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭০৫ ঘ.
bdnews24