২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস নিয়ে ‘দর কষাকষি’ ভিত্তিহীন: প্রেসনোট

শর্তের মাধ্যমে বিএনপি নেতা ইলিয়াস আলীর মুক্তির জন্য দরকষাকষি নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 05:42 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শর্তের মাধ্যমে বিএনপি নেতা ইলিয়াস আলীর মুক্তির জন্য দরকষাকষি নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল রাতে সাবেক সাংসদ ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সংবাদের পরিপ্রেক্ষিতে তাকে দ্রুত উদ্ধার প্রচেষ্টায় সুচিন্তিত ও কার্যকর পদক্ষে গ্রহণ করেছে সরকার এবং তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উদ্ধার প্রচেষ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ইলিয়াস আলীর স্ত্রী আন্তরিক সহায়তা প্রদান করেছেন বলেও উল্লেখ করা হয়েছে। দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর পরদিন স্বামী ‘নিখোঁজ’ উল্লেখ করে হাই কোর্টে রিট আবেদন করেন ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকারের আন্তরিক প্রচেষ্টাকে সহায়তা প্রদানের মাধ্যমে উদ্ধার কাজ ত্বরানি¦ত করার পরিবর্তে প্রধান বিরোধী দল আপত্তিকর ও উত্তেজনাপূর্ণ বক্তব্য প্রদান করছে ও জনসাধারণকে উত্তেজিত করার উদ্দেশ্যে লাগাতার হরতালের কর্মসূচির মাধ্যমে চরম জনদুর্ভোগ সৃষ্টি করছে।” কতিপয় সংবাদপত্র ভিত্তিহীন সংবাদ প্রচার করছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এসব সংবাদে এমনকি বিভিন্ন শর্ত বা দফার মাধ্যমে জনাব ইলিয়াস আলীর মুক্তির জন্য দরকষাকষির মতো জঘন্য ও কল্পনাপ্রসূত বক্তব্যের অবতারণা করে জনমনে বিভ্রান্তি ও ঘৃণা সৃষ্টির অপচেষ্টা নেওয়া হচ্ছে।” এসব বক্তব্য ও সংবাদকে ঘটনার রহস্য উদঘাটন ও ভিকটিমের উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে প্রণোদিত বলে উল্লেখ করে ইলিয়াস উদ্ধার প্রচেষ্টাকে ত্বরানি¦ত করায় সবাইকে সহায়তা প্রদানের অনুরোধ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইলিয়াস ‘নিখোঁজের’ ঘটনায় রবি-সোমবার বাংলা দৈনিক সমকালে প্রকাশিত দুটি প্রতিবেদনে বলা হয়, বিএনপির এ নেতার ‘সন্ধান’ পাওয়া গেছে এবং তাকে ‘ফেরত দেওয়ার’ ক্ষেত্রে ১০টি শর্ত দেওয়া হয়েছে। ইলিয়াস ‘নিখোঁজ’ হওয়ার পর রোববার ও সোমবার সারাদেশে বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল করে। মঙ্গলবারও সারা দেশে একই কর্মসূচি দিয়েছে দলটি। ওই দিন সন্ধ্যা পৌনে ৭টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি ইতিমধ্যে দাবি করেছেন, সরকারের ‘এজেন্সি ও র‌্যাবের লোকেরা’ ইলিয়াসকে ‘গুম’ করেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিয়াস ‘নিখোঁজের’ ঘটনাকে বিএনপির সাজানো ‘নাটক’ হিসাবে অভিহিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচপি/জিএনএ/২৩৩৭ ঘ.