ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবারের কাছে প্রায় দেড় মাস ধরে নিখোঁজ থাকা এক ঠিকাদারের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কমলাপুর রেল স্টেশনের যাত্রী ছাউনি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই ঠিকাদারের নাম নুরুল আমিল ভুইয়া হিরণ (৫৫)।
পরিবারের কাছে নিখোঁজ হলেও তাকে কিছুদিন ধরে রেল স্টেশনে দেখা যাচ্ছিল বলে জানিয়েছেন কমলাপুর জিআরপি থানার ওসি মো. আলাউদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তাকে অনেক বেশি শীর্ণ দেখাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা তাকে সকালেও জীবিত দেখেছে জানিয়ে ওসি বলেন, এই ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে পানি ও রুটি চেয়ে খেত।
হিরণের ছোট ভাই সাইফুল আমিন ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে লাশ সনাক্ত করে সাংবাদিকদের জানান, তার ভাই গত ৫ মার্চ রাজধানীর কাওরান বাজারে আসার পর থেকে নিখোঁজ।
ওয়াসার ঠিকাদার হিরণ থাকতেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
সাইফুল জানান, হিরণের খোঁজ না পেয়ে তারা গত ২৫ মার্চ বিভিন্ন পত্রিকায় ছবিসহ নিখোঁজ সংবাদ ছাপান।
সায়ফুলের অভিযোগ, হিরণের এক বন্ধু তাকে অপহরণের পরে কৌশলে হত্যা করেছে। এই অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলেও জানান তিনি।
দুই সন্তানের জনক হিরণের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগের উদিলপুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/২২৫০ ঘ.
bdnews24