গাজীপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক লাঞ্ছিত করায় বিক্ষোভের মুখে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে করিম টেক্সটাইল কারখানায় সোমবার এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) দেওয়ান লালন আহমেদ জানান, কাজে বিরতি দেওয়ায় কারখানার এক শ্রমিককে উৎপাদন কর্মকর্তা শহিদুল ইসলাম বকাঝকা ও মারধর করেন। এর জেরে শ্রমিকরা কাজ বন্ধ করে শহিদুল ইসলামসহ লাইন চিফ খোরশেদ আলমকে মারধর করে। এ সময় তারা বিক্ষোভও করে। এরপর শ্রমিকরা বাড়ি চলে যায়।
পরে কারখানা কর্তৃপক্ষ কারখানার ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেয়।
কারখানার উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা আবার চালু করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২২১ ঘ.
bdnews24