ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনা দেশ ও রাজনীতির জন্য শুভ সংবাদ নয় বলে মনে করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
সোমবার ইলিয়াসের বনানীর সিলেট হাউজে গিয়ে তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে কথা বলেন এই আইনজীবী।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা দেশ ও রাজনীতির জন্য শুভ সংবাদ নয়। এ ব্যাপারে সব নাগরিক সমাজকে প্রতিবাদ করা উচিৎ। এভাবে গুম ও হত্যা হলে মানুষের নিরাপত্তা কোথায় থাকে! এরকম অবস্থা দেশের জন্য ভালো নয়।’’
এ জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন ব্যারিস্টার রফিক।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার কোলে ছিল ইলিয়াসের ছোট মেয়ে সাইয়ারা নাউয়াল। এ সময় তাকে বলতে শোনা যায়, “নানু তোমার আব্বু সুস্থ আছেন। দোয়া করি, ইনশাল্লাহ তোমার আব্বু চকলেট নিয়ে চলে আসবেন।”
ব্যারিস্টার রফিক ছাড়াও সোমবার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ লুনার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ ছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান আজাদ, আ ন ম এহছানুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংসদ নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার প্রমুখ ইলিয়াস আলীর পরিবারের খোঁজ নিতে বনানীর বাসায় যান।
দলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সভাপতি ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন। রাত দেড়টার দিকে বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় তার গাড়িটি উদ্ধার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১১০ ঘ.
bdnews24