২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া দূতাবাস কর্মকর্তা গ্রেপ্তার

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার সাহিদুল আমিন শহীদ (৪৬) চট্টগ্রামের মধ্যম হালিশহরের মধ্যম পাড়ার এস এম আমিনের ছেলে। শনিবার গভীর রাতে চট্টগ্রামের ওয়েল পার্ক হোটেলের ৭১০ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং আমেরিকান সেন্টারের সিলসহ দুটি ভুয়া পরিচয়পত্র, লোগো সম্বলিত যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি কার্ড, আমেরিকান সেন্টারের কাউন্সিলর হিসেবে ছাপানো ১০টি ভুয়া ভিজিটিং কার্ডও উদ্ধার করা হয়। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে জানানো হয় এক ব্যক্তি নিজেকে আমেরিকান সেন্টারের কাউন্সিলর পরিচয় দিয়ে চট্টগ্রামে অবস্থান করছেন।” এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থেকে শহীদকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, শহীদ বিভিন্ন সময় নিজেকে আমেরিকান সেন্টারের কাউন্সিলর পরিচয় দিয়ে এবং ভুয়া কাগজপত্র দেখিয়ে অনেকের কাছ থেকে আর্থিক ও অন্যান্য সুবিধা নেন বলে জানা গেছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২০১৪ ঘ.