ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীর সন্ধান দেওয়ার দাবিতে বিএনপির টানা দ্বিতীয় দিনের হরতালে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় পুলিশের সঙ্গে পিকেটারদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।
এ সব ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৪৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী দলের ডাকা অন্যান্য হরতালের মতো যথারীতি সোমবারের হরতালেও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পুলিশের পাশাপাশি রাস্তায় দেখা গেছে। মিছিল হয়েছে হরতালবিরোধী।
মঙ্গলবার মধ্যরাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী বনানী এলাকা থেকে ‘নিখোঁজ’ হন। বিএনপির দাবি, র্যাব তাকে তুলে নিয়ে গেছে। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, এটি বিরোধীদলের ‘নাটক’। ইলিয়াসকে নিজেরা লুকিয়ে রেখে এখন ‘গুমের’ অভিযোগ করছেন।
ইলিয়াসের সন্ধান চেয়ে রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের পর সোমবারও পূর্ণদিবস হারতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের জোট।
এম ইলিয়াস আলী সিলেট মহানগর বিএনপির সভাপতিও।
রাজশাহী প্রতিনিধি জানান, হরতালের দ্বিতীয় দিন দুই দফায় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
সকাল সোয়া ৬টার দিকে উপশহর আমবাগান এলাকায় বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান মিনু’র নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটিকে মৎস্য ভবনের সামনে বাধা দিলে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মিনুর। বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।
বোয়ালিয়া থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এসময় আতাউর নামে পুলিশের এক কনস্টেবলসহ পাঁচ জন আহত হয়।
সকাল সোয়া ১০টার দিকে জেলা বিএনপি’র সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে মনিচত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি কলেজিয়েট স্কুলের সামনে আসলে পিছন থেকে লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত পাঁচ জন আহত হয়। পরে তারা রাজশাহী কলেজের ভেতর ঢুকে পড়ে।
সাহেব বাজার, জিরো পয়েন্ট, মনিচত্বর, বিএনপি কার্যালয়, রেলগেটসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। রাজশাহী থেকে ট্রেন ছেড়ে গেলেও কোনো বাস ছাড়েনি। বন্ধ রয়েছে দোকানপাট।
নরসিংদী প্রতিনিধি জানান, হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়ায় ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছে, ভাঙচুর করা হয়েছে পুলিশের একটা গাড়ি। আটক করা হয়েছে ১০ জনকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০টায় শহরের বাজিরমোড় গোলাপ চত্বরে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের একটি ভ্যান ভাঙচুর করে হরতাল সমর্থকরা।
এ ঘটনায় পুলিশ ১০ পিকেটারকে আটক করেছে।
এ ছাড়া ভোরে ঘোড়াশাল বাসস্ট্যান্ডে পেয়াজভর্তি একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সিদ্ধিরগঞ্জে ও সদরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এবং মণ্ডলপাড়াপুল এলাকায় হরতাল সমর্থকদের মিছিলে পুলিশ বাধা দিলে এসব সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এক পর্যায়ে পুলিশ লাঠির্চাজ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে যুবদল নেতা আনোয়ার হোসেন অশিক নামের এক কর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
এর আগে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা সকাল ছয়টায় শহরের নতাইগঞ্জ এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি মণ্ডলপাড়াপুল এলাকায় এলে পুলিশ বাধা দেয়। পরে তারা নগরের দুই নং রেলগেট এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে সভা করার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে দুই জনকে গ্রেপ্তার করে।
তবে হরতালের দ্বিতীয় দিনে জেলা বিএনপির শীর্ষ কোন নেতাকে দেখা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জেলা পুলিশের বরাত দিয়ে জানান, পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ২১ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার রায়পুর উপজেলার রাখালিয়া বাজারে দুপুরে ছাত্রলীগ-যুবদলের সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
হরতালের সমর্থনে পিকেটাররা রাখালিয়া বাজার এলাকায় ঢাকা-রায়পুর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। এ সময় মোটর সাইকেল যোগে ২০/২৫জন আওয়ামী লীগের নেতাকর্মী এসে তাদের ওপর হামলা করে। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। এ ছাড়া রায়পুরে বিভিন্ন স্থানে প্রতিপক্ষের হামলায় বিএনপি সমর্থকদের ১২টি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শরীয়তপুর প্রতিনিধি জানান, বিএনপির একটি অংশের নেতা কর্মীরা হরতালের সর্মথনে পালং উত্তর বাজার বালুর মাঠে একটি মিছিল বের করে। এ সময় পুলিশ বাঁধা দেয়। এতে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ বিএনপির ১০ নেতাকর্মী আহত হন।
পটুয়াখালী প্রতিনিধি জানান, দশমিনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালায়। সকাল ৮টার দিকে ওই হামলায় মহিলা ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজমল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দশমিনা থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১০টার দিকে সরকারি গার্লস স্কুলের সামনে হরতালের সর্মথনে জেলা বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করে তা ছত্রভঙ্গ করে দেয়। এতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহামেদ রুমী ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ শামীম আরজু, মেজবার রহমান পিন্টু, পাগলা হামিদ চৌধুরী, মনজুর আহসান কুঠিসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
পুলিশের লাঠিচার্জে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে দলীয় কার্যালয়ে সমবেত হয়ে তারা পুনরায় মিছিল বের করার চেষ্টা করে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, হরতাল সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ছত্রভঙ্গ করতে তারা ১৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছেন। তবে এতে কেউ আহত হয়নি।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলার মহালছড়ি, পানছড়ি, মাটিরাংগা ও লক্ষ্মীছড়িতে আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ২১ নেতাকর্মী আহত হয়েছেন। এদিন জেলায় মোট ১৪ জনকে আটক করা হয়।
সকাল ১০টায় জেলার মহালছড়ি উপজেলার জয়সেন কার্বারী পাড়ার এ সংঘর্ষে আহতদের মধ্যে ১৭ জন বিএনপির এবং বাকি ৪ জন আওয়ামী লীগকর্মী।
এ ছাড়া সিরাজগঞ্জে দুই জনকে আটকের খবর জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৫২ ঘ.
bdnews24