ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ দুর্ঘটনার জন্য দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে নৌপরিবহনমন্ত্রী বলেছেন, গত ১০ বছরের নৌ-দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার ঢাকার বিয়াম মিলনায়তনে নৌ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, নৌ-দুর্ঘটনার জন্য দায়ী কোনো মালিক, শ্রমিক, সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে ছাড় দেওয়া হবে না।
দেশের নৌযানের সঠিক তালিকা প্রণয়নে ‘নৌ-শুমারি’ করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, সব নৌযানকে নিবন্ধনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্র“টিপূর্ণ নৌযানগুলোকে ত্র“টিমুক্ত করতে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলরক্ষা বাহিনীকে শক্তিশালী এবং ‘নৌ-পুলিশ’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নৌযানের মাস্টার, চালক ও সুকানীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
রোববার থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত দেশে নৌ-নিরাপত্তা সপ্তাহ পালিত হবে। দেশের ৩৫টি জেলায় ও সব নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও মালিকদের সমন্বয়ে এ নিরাপত্তা সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে ব্যানার, ফেস্টুন প্রদর্শন ও আলোচনার সভার আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/২১৪০ ঘ.
bdnews24