২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে অগ্নিসংযোগ: মৃত্যুর সঙ্গে লড়ছেন হেলপার

সোমবারের হরতালের আগের রাতে অগ্নিসংযোগকারীদের হাত থেকে বাস রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হওয়া বাসের এক সহকারী (হেলপার) মৃত্যুর সঙ্গে লড়ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবারের হরতালের আগের রাতে অগ্নিসংযোগকারীদের হাত থেকে বাস রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হওয়া বাসের এক সহকারী (হেলপার) মৃত্যুর সঙ্গে লড়ছেন। অগ্নিসংযোগকারীদের ধাক্কায় চলন্ত বাস থেকে পড়ে যান আল্ট্রা মডার্ন পরিবহনের রওশন আলী নামের ওই সহকারী। বর্তমানে তিনি উত্তরা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন। রোববারের প্রথম দিনের হরতালের রাতে রাজধানীর নর্দ্দা এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রবি ও সোমবার টানা দুদিন সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে দলটি। গত মঙ্গলবার রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন ইলিয়াস। রোববার রাত সাড়ে ১০টার দিকে নর্দা বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা আল্ট্রা মডার্ন পরিবহনের ওই বাসে আগুন দিতে গেলে এ ঘটনা ঘটে বলে জানান বাসের মালিক আরিফ খান। তিনি বলেন, “ওই রাতে নর্দ্দা বাজার এলাকায় মডার্ন পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা আমার আল্ট্রা মডার্ন নামের বাসটিতে উঠে পড়ে। তারা বাসে আগুন লাগানোর চেষ্টা করলে রওশন তাদের বাধা দেন।” “এ সময় চালক বাসটি দ্রুত চালিয়ে সে জায়গা থেকে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা রওশনকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে একসময় তারাও নেমে পড়ে।” বাসটি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলো জানিয়ে বাস মালিক বলেন, রওশন আলী মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। সকালেও তার কান থেকে রক্ত ঝরেছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, রওশন আলীর অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। রওশনের বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়। তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও তিনি। রোববার রাতে রাজধানীতে একটি বাসে আগুন দেওয়া হলেও তার আগের দিন ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক চালকের মৃত্যু হয়। সে দিন রাতে ঢাকার বিভিন্ন স্থানে আটটি বাসে আগুন দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএইচ/১৯৩৭ ঘ.